ঢাকা: দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএলের বিরুদ্ধে সরকারি দরপত্রে ভ্যাট ফাঁকি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ এলটিডি. নামে দুটি আলাদা আইডি ব্যবহার করে গত ১০ বছরে ২০৫টি সরকারি কাজ পেয়েছে, যার আর্থিক পরিমাণ হাজার কোটি টাকার বেশি।

নথিপত্র অনুযায়ী, Ltd. নামে কাজ পেলেও দরপত্রে ভ্যাট সনদ দেওয়া হয়েছে Limited-এর নামে। চলতি বছরের জুন পর্যন্ত Ltd. পেয়েছে ৭৭০ কোটি টাকার কাজ, আর Limited পেয়েছে ২৮০ কোটি টাকার কাজ।

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা জানিয়েছেন, একই BIN ব্যবহার করে দুটি আলাদা রেজিস্ট্রেশন করে ই-জিপি প্ল্যাটফর্মে নামে-বেনামে দরপত্র দাখিল করা হয়েছে, যা পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ ও পিপিআর ২০০৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

২০১৬ সাল থেকে এই কারসাজি চললেও বিষয়টি সম্প্রতি ধরা পড়ে। ই-জিপি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ২৮টি, ২০২২ সালে ৩৯টি, ২০২১ সালে ১৯টি, ২০২০ সালে ১৭টি, ২০১৯ সালে ১৪টি, ২০১৮ সালে ১২টি, ২০১৭ সালে দুটি এবং ২০১৬ সালে একটি কাজ পেয়েছে কোম্পানিটি।

নিয়াজ মো. তানভীর আলম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, বিপিপিএ-কে পাঠানো চিঠিতে বিষয়টি তদন্তের অনুরোধ জানান। তিনি বলেন, “একই BIN দিয়ে দুটি অ্যাকাউন্ট খোলা হলে তা বাতিলযোগ্য ও শাস্তিযোগ্য।”

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল দাবি করেন, “আমাদের একটি কোম্পানি, দুটি নয়। ভ্যাট-ট্যাক্সও একটি কোম্পানির নামে দেওয়া হয়।”

তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, “একই নামে দুটি কোম্পানি পরিচালনা করা আইনত অপরাধ। এটি জালিয়াতির শামিল।”