জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলনকে ‘রাজনৈতিক ছলনা’ আখ্যা দিয়েছেন। রোববার (১৯ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, জামায়াতের তথাকথিত ‘পিআর আন্দোলন’ ছিল একটি পরিকল্পিত কৌশল, যার মাধ্যমে তারা ঐকমত্যের কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বিপথে পরিচালিত করতে চেয়েছে। তিনি বলেন, “এই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ছিল জাতীয় সংলাপকে জনগণের গণআন্দোলনের ভিত্তিতে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের প্রশ্ন থেকে সরিয়ে দেওয়া।”

তিনি আরও জানান, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব ছিল একটি মৌলিক সাংবিধানিক সংস্কার। এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাজনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল।

তবে নাহিদের অভিযোগ, জামায়াত ও তাদের সহযোগীরা এই এজেন্ডাকে ‘হাইজ্যাক’ করে তা সংকীর্ণ দলীয় স্বার্থে ব্যবহার করেছে। “তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না, বরং ছিল রাজনৈতিক দরকষাকষি ও প্রতারণা,” বলেন তিনি।

তিনি আরও দাবি করেন, জামায়াত কখনোই কার্যকরভাবে সংস্কার প্রস্তাবে অংশ নেয়নি—না জুলাই গণঅভ্যুত্থানের আগে, না পরে। “তারা কোনো বাস্তব প্রস্তাব, সংবিধানিক দর্শন বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিশ্রুতি দেয়নি। ঐকমত্যের কমিশনে তাদের অংশগ্রহণ ছিল রাজনৈতিক অনুপ্রবেশ ও অন্তর্ঘাতের কৌশল,” মন্তব্য করেন নাহিদ।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝতে পারছে। তারা সত্যের প্রতি জেগে উঠেছে এবং আর কখনো মিথ্যা সংস্কারবাদী বা কৌশলী ব্যক্তিদের দ্বারা প্রতারিত হবে না। সার্বভৌম জনগণ অসৎ, সুবিধাবাদী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে আর শাসনের সুযোগ দেবে না।”