বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম। রোববার সন্ধ্যায় শহীদ মিনারে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই সংহতি জানান।
সাদিক কায়েম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগুন নিয়ে খেলবেন না। শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিন, না হলে এমন ঝড় উঠবে যা সরকার বইতে পারবে না।” তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা ছিল ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন, কিন্তু বর্তমান সরকারের কার্যক্রমে সেই মনোভাব অনুপস্থিত।
তিনি আরও বলেন, “জুলাইয়ের পরেও শিক্ষকদের বেতন-ভাতায় বৈষম্য রয়ে গেছে। বরং পুলিশি হামলার মাধ্যমে তাঁদের নিগৃহীত করা হয়েছে, যা ফ্যাসিবাদী আচরণের পরিচয়।”
ডাকসু ভিপি স্মরণ করিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা, আইন, জ্বালানি উপদেষ্টারা অতীতে শিক্ষক ছিলেন। “তাঁরা যদি আজ শিক্ষকদের কষ্ট না বোঝেন, তবে তাঁদের পদে থাকার নৈতিক অধিকার নেই,” মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদসহ একটি প্রতিনিধিদল আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। মোসাদ্দেক আলী বলেন, “বাংলাদেশে এমপিওভুক্ত শিক্ষকেরা যে বেতন পান, উন্নত বিশ্বের সুইপাররাও তার চেয়ে কয়েকগুণ বেশি পান। এটি জাতীয় লজ্জা।”



মন্তব্য করুন