রাজধানীর যানজটের চিরচেনা দৃশ্য বদলে যেতে শুরু করেছে। বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর, কারওয়ান বাজারসহ সাতটি গুরুত্বপূর্ণ মোড়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। ফলে আগে যেখানে ১৫–২০ মিনিট অপেক্ষা করতে হতো, এখন মাত্র দুই–তিন মিনিটেই সিগন্যাল পার হওয়া যাচ্ছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় হাইকোর্ট মোড় থেকে বিমানবন্দর পর্যন্ত ২২টি মোড়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি সিগন্যাল বাতি বসানো হচ্ছে। এর মধ্যে সাতটি স্থানে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), দুই সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশ।
নতুন সিগন্যাল ব্যবস্থায় প্রতিটি মোড়ে যানবাহনের চাপ অনুযায়ী ‘সাইকেল টাইম’ নির্ধারণ করা হয়েছে—পিক আওয়ারে সর্বোচ্চ তিন মিনিট, অফ-পিকে দুই মিনিট। ডিসপ্লেতে কাউন্টডাউন টাইমার দেখিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সবুজ বাতি জ্বলে উঠলে নির্দিষ্ট সড়কে যান চলাচল শুরু হয়, এরপর হলুদ ও লাল বাতি দিয়ে অন্য সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
দেওয়ান পরিবহনের চালক বারেক মিয়া বলেন, “আগে বিজয় সরণি সিগন্যালে ২০ মিনিট বসে থাকতে হতো, এখন লাগে মাত্র দুই–তিন মিনিট। একইভাবে কারওয়ান বাজারেও যানজট কমেছে।” সিএনজি চালক বাচ্চু মোল্লা জানান, “টাইমার দেখে আমরা আগে থেকেই প্রস্তুতি নিতে পারি। ফলে যাত্রীদের সময়ও বাঁচছে।”
ট্রাফিক পুলিশের কর্মকর্তা শফিউল আলম বলেন, “নতুন সিগন্যাল চালুর পর যানজট অনেক কমেছে। চালকরা ধীরে ধীরে অভ্যস্ত হলে আরও সুফল মিলবে।” ডিটিসিএ’র নির্বাহী পরিচালক নীলিমা আক্তার জানান, “সিগন্যাল ব্যবস্থাকে কার্যকর করতে চালক ও পথচারীদের সচেতনতা জরুরি। পরীক্ষামূলক সফলতা দেখে বাকি মোড়গুলোতেও দ্রুত কার্যক্রম চালু করা হবে।”
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজীব খাদেম জানান, “বুয়েটের কারিগরি সহায়তায় তৈরি এই সিগন্যাল যন্ত্র সড়কের শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”



মন্তব্য করুন