আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার (২২ অক্টোবর) সকালে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
টিএফআই ও জেআইসি সেলে সংঘটিত গুম-খুনের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্তদের আজ সকালে ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়। শুনানির শুরুতেই অভিযুক্ত সেনা কর্মকর্তারা জামিনের আবেদন করেন। তবে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে একটিতে ১৭ জন এবং অন্যটিতে ১৩ জন। উভয় মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে। অভিযুক্তদের মধ্যে ২৩ জন সেনা কর্মকর্তা, যাদের মধ্যে ১৫ জন বর্তমানে হেফাজতে রয়েছেন।
সকালে ট্রাইব্যুনালে হাজিরার সময় রাজধানীর হাইকোর্ট মাজারগেট, মৎস্য ভবন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও অন্যান্য সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, পরবর্তী ধাপে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন