ঢাকা, ২২ অক্টোবর ২০২৫ — মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার সকালে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। সকাল থেকে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিজিবি, র‍্যাব ও পুলিশের কড়া নিরাপত্তা ছিল। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের একটি সবুজ প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়।

প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “দিনের শুনানি শেষে ট্রাইব্যুনাল ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তবে কোন কারাগারে রাখা হবে, তা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে।”

এদিন ট্রাইব্যুনালে তিনটি মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসব মামলায় মোট ৩২ জন অভিযুক্ত রয়েছেন, যাদের মধ্যে ২৫ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা।

কারাগারে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে. এম. আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে)।

এ ছাড়া র‍্যাব গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলমও অন্তর্ভুক্ত।

ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকীকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন, পল্টনসহ গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। ভোর থেকেই ট্রাইব্যুনাল ও হাইকোর্ট মাজারগেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনা সদস্যদের উপস্থিতিতে পুরো এলাকা ছিল কঠোর নিরাপত্তার আওতায়।