ঢাকা, ২২ অক্টোবর ২০২৫ — মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে স্থানান্তর করা হয়েছে। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হয়।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, গ্রেফতারকৃত সেনা কর্মকর্তাদের ক্যান্টনমেন্ট এলাকায় স্থাপিত কারা অধিদফতরের সাবজেলে রাখা হবে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১২ অক্টোবর সেনানিবাসের বাশার রোড সংলগ্ন ‘এম ই এস বিল্ডিং নম্বর-৫৪’-কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করেছিল।
আজ সকাল ৭টার পর অভিযুক্তদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশ অনুযায়ী তাদের সাবজেলে স্থানান্তর করা হয়। সেনাবাহিনী গত ১১ অক্টোবর জানিয়েছিল, ১৫ কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজন অবসর প্রস্তুতিমূলক ছুটিতে আছেন।
কারাগারে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, ব্রিগেডিয়ার কে. এম. আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম এবং মেজর মো. রাফাত-বিন-আলম।



মন্তব্য করুন