সরকারবিরোধী ষড়যন্ত্র এবং সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে অবসরপ্রাপ্ত ডিআইজি (প্রিজন্স) শেখ আব্দুল অমিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। বুধবার আদালতে হাজির করার পর তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
শেখ আব্দুল অমিক ২০১২ সালে কারা অধিদপ্তরের ডিআইজি (প্রিজন্স) পদ থেকে অবসর গ্রহণ করেন। পুলিশের অভিযোগ, তিনি ভিন্ন নামে ফেসবুক আইডি খুলে প্রশাসন, সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক, মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছিলেন। এছাড়া, শাস্তিপ্রাপ্ত ও অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে কারা বিদ্রোহের পরিকল্পনা করছিলেন বলেও অভিযোগ উঠেছে।
ডিবি সূত্র জানায়, তার ফেসবুক আইডিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের সরকারবিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার করা হয়েছে। এসব কর্মকাণ্ডের ভিত্তিতে বুধবার বিকেলে ডিবি পুলিশের লালবাগ বিভাগের এসআই জাহিদ হাসান রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন, যেখানে শেখ আব্দুল অমিককে প্রধান আসামি করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ জোনের ডিসি মো. মোস্তাক সরকার জানান, “সন্ত্রাস বিরোধী আইনে আব্দুল অমিককে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে এবং আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।”
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।



মন্তব্য করুন