আগামী সাধারণ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলে ছিলেন সারজিস আলম, সামন্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ। জামায়াতের পক্ষ থেকে নেতৃত্ব দেন নায়েবে আমির ডা. সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। তার সঙ্গে ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এ টি এম মা‘ছুম এবং রফিকুল ইসলাম খান।
প্রধান উপদেষ্টা উভয় দলকে আশ্বস্ত করে বলেন, “জাতীয় নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচন যেন উৎসবমুখর হয়, সে জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।”
জামায়াত নেতাদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, সামনে আরও পদক্ষেপ দেখতে পাবেন।”
নাহিদ ইসলাম জানান, “আমরা নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। সরকারকে এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।” জবাবে প্রধান উপদেষ্টা এনসিপিকে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানান এবং বলেন, “এই সনদ জাতির জন্য মহামূল্যবান সম্পদ; এখানে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে এবং এনসিপির চিঠি ইতোমধ্যে কমিশনের কাছে পৌঁছেছে।
জামায়াত নেতারা জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের ওপর গণভোটের দাবি জানান। ডা. তাহের বলেন, “জুলাই সনদে এমন অনেক বিষয় রয়েছে যা জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত। একই দিনে নির্বাচন ও গণভোট হলে ভোট গ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকে।”
প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের আগে প্রশাসনের যেকোনো রদবদল তিনি নিজেই সরাসরি তদারকি করবেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।



মন্তব্য করুন