আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি সিইসির সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে নির্বাচনী আসন পুনর্বিন্যাস, ভোটগ্রহণের প্রস্তুতি এবং কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করে। প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে এনসিপি ও জামায়াতের পৃথক দুটি প্রতিনিধি দলও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সামান্তা শারমিন, সারজিস আলম ও খালেদ সাইফুল্লাহ। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান।
প্রধান উপদেষ্টার সঙ্গে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যার লক্ষ্য একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।



মন্তব্য করুন