পাবনার এক মাদ্রাসা শিক্ষিকা দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করে তিন বছর ধরে মৃত প্রথম স্বামীর সরকারি পেনশন ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী দ্বিতীয় বিবাহের পর পেনশন গ্রহণের যোগ্যতা না থাকলেও, পৌরসভা থেকে ভুয়া প্রত্যয়নপত্র দাখিল করে তিনি এই সুবিধা ভোগ করছেন।

অভিযুক্ত আফরোজা খাতুন পাবনা সদর পৌর এলাকার আশরাফ আলীর মেয়ে এবং আটঘরিয়া উপজেলার শিবপুর ত্বহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় কর্মরত। তার প্রথম স্বামী মহিউল আলম ছিলেন গয়েশপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা। তিনি ২০২১ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন। এরপর আফরোজা খাতুন তার স্ত্রী হিসেবে পেনশন ভাতা গ্রহণ শুরু করেন।

২০২২ সালের ৪ মে আফরোজা খাতুন দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন গয়েশপুর এলাকার আলাউদ্দিনের সঙ্গে। নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা করেও তিনি বিষয়টি গোপন রাখেন এবং নিয়মবহির্ভূতভাবে পেনশন তুলতে থাকেন।

জেলা হিসাবরক্ষণ অফিস সূত্রে জানা গেছে, প্রতিবছর লাইফ ভেরিফিকেশনের জন্য ‘দ্বিতীয় বিয়ে করেননি’—এমন প্রত্যয়নপত্র দাখিল করতে হয়। চলতি বছরের জুলাই মাসেও আফরোজা পৌর নির্বাহী কর্মকর্তা মো. দুলাল উদ্দিনের সাক্ষরিত প্রত্যয়ন জমা দিয়েছেন, যেখানে উল্লেখ রয়েছে—তিনি দ্বিতীয় বিবাহ করেননি।

পৌর নির্বাহী কর্মকর্তা দুলাল হোসেন জানান, “অনেকে সামাজিকভাবে বিয়ের তথ্য গোপন রাখেন, ফলে তদন্তেও তা ধরা কঠিন হয়ে পড়ে। আফরোজার ক্ষেত্রে কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

অভিযোগের বিষয়ে আফরোজা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তার বাবা আশরাফুল আলম দ্বিতীয় বিয়ের বিষয়টি স্বীকার করে বলেন, “বিয়ে হয়েছে পরিবারকে না জানিয়ে, আমাদের কোনো সম্পৃক্ততা নেই।”

আফরোজার বর্তমান স্বামী সৌদি প্রবাসী আলাউদ্দিন জানান, “বিয়ের পর থেকে আমি তার ভরণপোষণের দায়িত্ব পালন করেছি। কিন্তু সে একাধিকবার অনৈতিক সম্পর্কে জড়িয়েছে, যা আমার দায় নয়।”

জেলা হিসাবরক্ষণ অফিসের অধীক্ষক আইনুর রহমান বলেন, “দ্বিতীয় বিয়ের পর পেনশন গ্রহণের সুযোগ নেই। মিথ্যা তথ্য প্রমাণিত হলে ভাতা বন্ধ করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে।”