আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চায়, ডিসেম্বর মাসে নির্ধারিত ৫৫০ কোটি ডলারের ঋণ প্যাকেজের পরবর্তী কিস্তি ছাড়ের আগে নির্বাচনের পর গঠিত নতুন সরকারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, যিনি বর্তমানে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় অংশ নিতে ওয়াশিংটনে অবস্থান করছেন।
বুধবার (২২ অক্টোবর) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে গভর্নর বলেন, “আইএমএফ চায় নির্বাচনের পর গঠিত সরকারকে সঙ্গে নিয়ে পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে। বাংলাদেশ এখনো এ বিষয়ে সম্মতি বা আপত্তি জানায়নি। যেহেতু আমাদের তেমন আর্থিক চাপ নেই, তাই এটি কোনো সমস্যা নয়।”
তিনি আরও বলেন, “অর্থ ছাড়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো রিভিউ প্রক্রিয়া সম্পন্ন করা। আমরা চাই নীতির ধারাবাহিকতা বজায় থাকুক। নির্বাচন সামনে থাকায় এখন পূর্ণাঙ্গ রিভিউ করা যৌক্তিক নয়। কারণ, রিভিউয়ের সঙ্গে আইএমএফের আর্টিকেল-৪ মিশনও সম্পৃক্ত থাকে। সংস্থাটি চায় নতুন সরকার গঠনের পর তাদের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত রিভিউ সম্পন্ন করতে।”
আইএমএফের আর্টিকেল-৪ মিশন অক্টোবরেই বাংলাদেশে আসবে এবং আংশিকভাবে ঋণ প্যাকেজের অগ্রগতি মূল্যায়ন করবে। তবে চূড়ান্ত রিভিউ ফেব্রুয়ারিতে বোর্ড সভায় উপস্থাপন করা হবে, তখন জাতীয় নির্বাচনও শেষ হয়ে যাবে বলে জানান গভর্নর।
৫৫০ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতির মধ্যে বাংলাদেশ ইতোমধ্যে প্রায় ৩৬০ কোটি ডলার পেয়েছে। ডিসেম্বর মাসে পঞ্চম কিস্তি ছাড়ের কথা রয়েছে, আর ষষ্ঠ কিস্তি নির্ধারিত আছে আগামী বছরের জুনে। প্রতিটি কিস্তি ছাড়ের আগে আইএমএফ দুই সপ্তাহব্যাপী মূল্যায়ন মিশন পাঠায়, যাতে সংস্কার কার্যক্রমের অগ্রগতি যাচাই করা হয়। সে অনুযায়ী, পঞ্চম কিস্তির মূল্যায়ন কার্যক্রম শুরু করতে ২৯ অক্টোবর ঢাকায় আসছে আইএমএফ মিশন।



মন্তব্য করুন