বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো দেশ একা টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশকে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও স্বার্থনির্ভর সম্পর্ক বজায় রাখতে হবে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে ‘রিজিওনাল জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপ : ইমপ্যাক্টস অন দ্য সিকিউরিটি ডায়নামিকস অব বাংলাদেশ অ্যান্ড ওয়েস ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)।

উপদেষ্টা তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কেবল অভ্যন্তরীণ নয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটও বিবেচনায় নিতে হবে।”

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম আলী আশরাফ। আলোচক হিসেবে অংশ নেন অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস ও অধ্যাপক ড. সাহাব এনাম খান। সঞ্চালনায় ছিলেন ক্যাপ্টেন শফিউল মুজনিবীন।

বক্তারা বলেন, দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং সমন্বিত কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।