ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫:
দেশের গুরুত্বপূর্ণ রাজস্ব খাত সড়ক ও সেতুর টোল আদায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণে রয়েছে। সাবেক মন্ত্রী ও নেতাদের মালিকানাধীন একাধিক কোম্পানি এখনো বিভিন্ন সেতুর টোল ব্যবসা চালিয়ে যাচ্ছে, যদিও জুলাই বিপ্লবের পর ক্ষমতার পালাবদল ঘটেছে।
তথ্য অনুযায়ী, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এবং বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলো আধুনিক টোল ব্যবস্থাপনার নামে বিপুল রাজস্ব আত্মসাৎ করেছে। অভিযোগ রয়েছে, এসব কোম্পানি টোল আয়ের অর্ধেক জমা দিয়ে বাকি অর্থ আত্মসাৎ করত। ভারতীয় প্রতিষ্ঠান ভ্যান ইনফ্রার সহযোগিতায় এ প্রক্রিয়া আরও সুসংগঠিত হয়।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মালিকানাধীন কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) যমুনা সেতুর টোল আদায়ে সর্বোচ্চ সুবিধা পায়। অন্তর্বর্তী সরকারের সময়ও কোম্পানিটি ভৈরব, ঘোড়াশাল ও লেবুখালী সেতুর টোল নিয়ন্ত্রণ করছে। একইভাবে মির্জা আজমের ইউডিসি কনস্ট্রাকশন একটানা ১৭ বছর রূপসা, লালন শাহ, কর্ণফুলীসহ একাধিক সেতুর টোল আদায় করেছে এবং বর্তমানে মেঘনা-গোমতী সেতুর দায়িত্বে রয়েছে।
শামীম এন্টারপ্রাইজ, এটিটি, রেগনাম রিসোর্স ও পেন্টা গ্লোবাল নামের অন্যান্য কোম্পানিও বিভিন্ন সময়ে টোল ব্যবসায় জড়িত ছিল। সাম্প্রতিক এক অডিটে এটিটির বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি ধরা পড়লেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) সিএনএসের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালে একক উৎসভিত্তিক দরপত্রে টোল আদায়ের দায়িত্ব পেয়ে কোম্পানিটি ৪৮৯ কোটি টাকার বেশি বিল গ্রহণ করে, যার ফলে সরকারের ৩০৯ কোটি টাকার ক্ষতি হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছয়জন সাবেক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক যোগসাজশ ছাড়া এত বড় দুর্নীতি সম্ভব নয়। তাই রাজনীতিকদের পাশাপাশি আমলাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।”
বুয়েটের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান মন্তব্য করেন, রাজনৈতিক বিবেচনায় কোম্পানিগুলোকে টোল আদায়ের দায়িত্ব দেওয়ায় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। তিনি স্বচ্ছ দরপত্র প্রক্রিয়া ও আধুনিক ব্যবস্থাপনা প্রবর্তনের পাশাপাশি রাজনৈতিক সংশ্লিষ্টতা পরিহারের আহ্বান জানান।



মন্তব্য করুন