গাজীপুর, ২৩ অক্টোবর ২০২৫:
টঙ্গী থেকে নিখোঁজ হওয়া বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিবুল্লাহ (৬০) মিয়াজীকে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকা থেকে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিটে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আজাদি আন্দোলনের বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বুধবার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে মুফতি মহিবুল্লাহ টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদ সংলগ্ন নিজ বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যার পর তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে ইসলামি সংগঠন, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সম্প্রতি ‘ইসকন’ নাম ব্যবহার করে পাঠানো উড়োচিঠির মাধ্যমে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর বুধবার রাতে স্থানীয় আলেমরা টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করলে ওসি ওয়াহিদুর জামান তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠান এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ৪৯ মিনিটে তিনি মরকুন হাতিল গেট অতিক্রম করেন এবং ৭টা ১৮ মিনিটে নিমতলি রেললাইন সংলগ্ন পেট্রোল পাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।

এ ঘটনায় উদ্বেগের পাশাপাশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।