ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসবে—এমন একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেক সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দাবিটি ভিত্তিহীন ও গুজব হিসেবে চিহ্নিত হয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তার পদত্যাগের কথা জানানো হয়। এরপর ‘ব্রেকিং নিউজ– বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা’ শীর্ষক পোস্ট ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা এমন সিদ্ধান্ত গ্রহণ করেনি। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এ-সংক্রান্ত কোনো তথ্য নেই।
প্রসঙ্গত, ১৪ অক্টোবর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর (ওএমএ) বাংলাদেশের স্থায়ী মিশনে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে শান্তিরক্ষী সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্তের উল্লেখ রয়েছে।
ফলে, শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসবে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে।



মন্তব্য করুন