ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫:
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে ৪৫ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বংশাল থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম তাকে আটক করে।
গ্রেপ্তারের পর নজরুল ইসলামকে সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান দুদকের জনসংযোগ উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
মামলার তথ্য অনুযায়ী, গত ৩১ জুলাই কোম্পানির সম্পদ ক্রয়ের নামে ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার বাদী ছিলেন সংস্থাটির উপপরিচালক সৈয়দ আতাউল কবির।
এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ৩৩.৫৬ শতাংশ জমিসহ ভবন ২০৭ কোটি টাকায় ক্রয়ের নামে ৪৫ কোটি টাকা আত্মসাৎ করেন। এই অর্থ স্বার্থসংশ্লিষ্ট ও অজ্ঞাত ব্যক্তিদের নামে স্থানান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন নজরুল ইসলামের স্ত্রী ও মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক তাসলিমা ইসলাম, সাবেক এমডি মো. হেমায়েত উল্লাহ, পরিচালক আলহাজ্ব মো. হেলাল মিয়া, শাহরিয়ার খালেদ, নাজনীন হোসেন, খন্দকার মোস্তাক মাহমুদ, ডা. মনোয়ার হোসেন, কে এম খালেদ, এম এ খালেক, সাবিহা খালেক, সারওয়াত খালেদ সিমিন, মো. মিজানুর রহমান, মো. মোজ্জাম্মেল হোসেন, রাবেয়া বেগম, প্রফেসর ড. ইফফাৎ জাহান, ডা. মো. মোশাররফ হোসেন, কাজী ফরিদ উদ্দিন আহমেদ, সৈয়দ আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, এস এম মোর্শেদ, ইঞ্জিনিয়ার আমির মো. ইব্রাহিম, মো. আজহার খান এবং মো. সোহেল খান।
দুদক সূত্র জানায়, মামলাটি মানিলন্ডারিং ও দুর্নীতির দুটি আইনের আওতায় তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনে আরও আসামি অন্তর্ভুক্ত হতে পারে।



মন্তব্য করুন