ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০টি আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার রাজধানীতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “দলের পক্ষ থেকে ২০০ আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগনাল’ দেওয়া হবে, যাতে তারা নির্বাচনী প্রস্তুতি নিতে পারেন।”

এ সময় তিনি নির্বাচনসংক্রান্ত আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ (আরপিও) সংশোধনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি আরপিওর বেশ কিছু সংশোধনীতে সম্মত ছিল। তবে ২০/১ উপধারায় বলা হয়েছিল, জোটবদ্ধ হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে—এই ধারায় বিএনপি আশ্বস্ত ছিল।

কিন্তু যেভাবে আরপিও পাস হয়েছে, তাতে ছোট দলগুলো জোটে যুক্ত হতে নিরুৎসাহিত হবে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “এই ধরনের আরপিও একতরফাভাবে কেন পাস করা হলো, সেটিই প্রশ্ন।”

তিনি বলেন, বিএনপি একটি বহুদলীয় ও শক্তিশালী সংসদ দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আরপিও আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে দলটি নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে বলেও জানান তিনি।