ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫: দেশের সব জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে একটি ‘রেইনবো নেশন’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীতে গারো সম্প্রদায়ের এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা দিয়েছেন, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে—সব সম্প্রদায়কে নিয়ে একটি রেইনবো নেশন গড়া হবে, যেখানে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে পারবে।”
মির্জা ফখরুল জানান, বিএনপি সরকারে এলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’-এ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা ছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঢাকায় একটি সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং গারো সম্প্রদায়ের ‘ওয়ানগালা’ উৎসব সরকারিভাবে পালনের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা দিয়েছিলেন, যাতে সব জাতিগোষ্ঠী নাগরিক মর্যাদা পায়। বিএনপির দায়িত্ব হচ্ছে—এই সম্প্রদায়গুলোকে মূলধারায় যুক্ত করে তাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন নিশ্চিত করা।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, “গারো সম্প্রদায়কে নিজেদের দুর্বল ভাবার কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি, আপনাদের পাশে আছি।” তিনি সংসদে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দাবিগুলো তুলে ধরার আশ্বাসও দেন।
আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির পরিচালক বাপন মানকিন, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিটসিল এবং শুভজিট স্যানগমা নাকমা।



মন্তব্য করুন