ঢাকা, ২৫ অক্টোবর ২০২৫: আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে (জাপা) অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার রাতে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ ও জাপা অতীতে ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। তারা আবার ক্ষমতায় এলে দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করবে।”
তিনি আরও বলেন, “এই দুটি দল এখনো খুনিদের পক্ষে সাফাই গাইছে। তাই তাদের নির্বাচনের বাইরে রাখতে হবে।”
জুলাই সনদ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “এই সনদের আইনি ভিত্তি টেবিলেই নিশ্চিত করতে হবে। সরকার রাজনৈতিক দলগুলোর দাবি উপেক্ষা করে শুধু স্বাক্ষর অনুষ্ঠান করেছে, বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। আমরা মনে করি, সেদিন স্বাক্ষর করলে সনদের অপমৃত্যু হতো। এখনই এটি বাস্তবায়ন না হলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।”
তিনি অভিযোগ করেন, আরপিও সংশোধনের পেছনে কোনো দলের একক সিদ্ধান্ত থাকলে তা প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠকের সঙ্গে সম্পর্কিত বলে ধরে নেওয়া হবে। “আমরা আর কোনো গোয়েন্দা নিয়ন্ত্রিত নির্বাচন চাই না,” বলেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আখতার হোসেন বলেন, “মানুষের মানবিক মর্যাদা এখনো নিশ্চিত হয়নি। দিনমজুর ও খেটে খাওয়া মানুষের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। আমরা দলবাজির রাজনীতি নয়, মানুষের জন্য রাজনীতি করতে চাই।”
তিনি আরও বলেন, “একজন ইমামকে গুম করা হয়েছে—এ ধরনের ঘটনা আমরা দেখতে চাই না। এনসিপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে। নতুন বাংলাদেশের রাজনীতি গড়তে হলে সংখ্যার চেয়ে যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা প্রমুখ।
উল্লেখ্য, সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।



মন্তব্য করুন