ঢাকা, শুক্রবার: রাজধানী ও দেশের বিভিন্ন মসজিদের খতিবরা জুমার খুতবায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সংগঠনটি ধর্মীয় পরিচয়ের আড়ালে উগ্রবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামাজিক সম্প্রীতির জন্য হুমকি হয়ে উঠেছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক বলেন, আল্লাহর শরিয়ত মেনে চললেই প্রকৃত মুত্তাকি হওয়া যায়। তিনি তাকওয়া, ঈমান ও তাওহিদের গুরুত্ব তুলে ধরে বলেন, “সব নবীই লা ইলাহা ইল্লাল্লাহ-এর দাওয়াত দিয়েছেন। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং শিরক থেকে বাঁচতে হবে।”
মীরপুরের বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী অভিযোগ করেন, ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত ইসকন ভারতের মায়াপুর থেকে পরিচালিত হয়ে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। তার দাবি, সংগঠনটি ধর্মান্তকরণ, ভূমি দখল, নারী নির্যাতন, গুম ও হত্যার মতো অপরাধে জড়িত। তিনি সতর্ক করে বলেন, “এখনই ইসকন নিষিদ্ধ না করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”
ঢাকার মুগদা রসুলবাগ জামে মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ আল মাসউদ শরিয়াহর সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, “যেমন গাড়ি নির্মাতার ক্যাটালগ মানা ছাড়া বিকল্প নেই, তেমনি স্রষ্টার আইন না মানলে জীবন শান্তিময় হয় না।” তিনি মনে করেন, শরিয়াহর বিধান অপরাধ দমনে কার্যকর এবং মানবাধিকারেরই অংশ।
কামরাঙ্গীরচরের রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতি সুলতান মহিউদ্দিন অভিযোগ করেন, ইসকন আন্তর্জাতিকভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট করছে। তার দাবি, সংগঠনটি শুধু মুসলমানদের নয়, হিন্দুদের জন্যও ক্ষতিকর।
গুলিস্তানের ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ইসকন আসলে আরএসএসের অঙ্গসংগঠন। তিনি উল্লেখ করেন, “সিঙ্গাপুর ও আফগানিস্তানে যেমন নিষিদ্ধ, বাংলাদেশেও তা করতে হবে।”
অন্যদিকে যুক্তরাজ্যের ব্রিস্টল ইসলামিক সেন্টারে আলোচনায় মাওলানা আব্দুল মুহিত রাসেল মুসলমানদের নবীর আদর্শ অনুসরণে আহ্বান জানান। তিনি বলেন, “রাসূলুল্লাহ (সা.)-এর জীবনদর্শন দয়া, ক্ষমা, সততা ও সেবার প্রতীক। ইসলামভীতি মোকাবেলায় উত্তম আচরণই হতে পারে প্রধান হাতিয়ার।”



মন্তব্য করুন