ঢাকা, ২৫ অক্টোবর: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেলের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাব অনুযায়ী, বেতন ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা কার্যত দ্বিগুণ বৃদ্ধির সমান। কমিশন ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে এবং ২০২৬ সালের জানুয়ারি থেকেই নতুন কাঠামো কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট প্রকাশের মাধ্যমে নতুন কাঠামো বাস্তবায়ন করা হবে। এর জন্য চলতি (২০২৫-২৬) অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে। তিনি বলেন, “আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে-স্কেল কার্যকর করতে হলে ডিসেম্বরে বাজেট সংশোধনের সময়ই প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।”

অর্থ বিভাগ মনে করছে, বেতন দ্বিগুণ হলে ব্যয় বাড়লেও রাজস্ব আদায়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কারণ, নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকার বেশি হলে এতদিন করমুক্ত থাকা অনেক কর্মচারী আয়করের আওতায় আসবেন। পাশাপাশি সরকারি বাসাবাড়ির ভাড়া বাড়ানো হলে সেখান থেকেও রাজস্ব আসবে।

জাতীয় পে-কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেন, “আমরা নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ জমা দিতে পারব বলে আশা করছি। ইতোমধ্যে অনলাইনে প্রাপ্ত মতামত যাচাই-বাছাই এবং বিভিন্ন সমিতির সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে।”

অর্থনীতিবিদরা মনে করছেন, বেতন বৃদ্ধি একদিকে সরকারি ব্যয় বাড়ালেও অন্যদিকে ক্রয়ক্ষমতা ও রাজস্ব আদায় বাড়িয়ে সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য আনতে সহায়ক হবে।