কিশোরগঞ্জ, ২৫ অক্টোবর: “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা” উপলক্ষে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে।

শনিবার দুপুরে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

তারেক রহমান বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের এমন সাপোর্ট দেওয়া হবে যাতে তারা পাঠদানে পুরো মনোযোগ দিতে পারেন।” তিনি জানান, ভবিষ্যতে মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা বাড়ানো হবে।

তিনি আরও বলেন, “পানির অপর নাম জীবন— তাই খালগুলো পুনঃখনন ও পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৯ সালের খাল খনন কর্মসূচি পুনরায় বাস্তবায়নের মাধ্যমে পানির সংকট ও আর্সেনিক সমস্যা সমাধানের পরিকল্পনার কথাও জানান তিনি।

তারেক রহমান শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “মেধাবীদের মধ্যেই লুকিয়ে আছে আগামীর নেতৃত্ব। স্কুল থেকেই ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা ও সাহিত্য-সংস্কৃতির চর্চা শুরু করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীরা সরাসরি ভিডিও কনফারেন্সে তারেক রহমানকে প্রশ্ন করেন, যার উত্তর তিনি নিজেই দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

উল্লেখ্য, তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা” বিষয়ে গত ১৬ আগস্ট সারা দেশের ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ৬০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়, যার মধ্যে প্রথম পুরস্কার ২৫ হাজার টাকা, দ্বিতীয় ১৫ হাজার, তৃতীয় ১০ হাজার এবং চতুর্থ ৫ হাজার টাকা। তিনটি স্কুলকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়।