ঠাকুরগাঁও, ২৫ অক্টোবর: জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বর্ধিত সভায় বিএনপি নেতা মো. আব্দুল হামিদ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকা কিন্তু সৎ ও ভালো মানসিকতার নেতাকর্মীদের বিএনপির ছায়াতলে আনতে হবে।

শনিবার রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “আজ মাঠে আওয়ামী লীগ নেই, তাদের রাজনীতি করার সুযোগও নেই। কিন্তু অনেক ভাই আছেন যারা খারাপ রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাদের জায়গা দিতে হবে, না হলে তারা যাবে কোথায়?”

তিনি আরও বলেন, “আমাদের হিন্দু ভাইদেরও জায়গা দিতে হবে। ইতোমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের জন্য প্রথম ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে।”

হামিদ জানান, এই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে প্রায় ৯ কোটি টাকার অনুদান এসেছে, যা শুধুমাত্র মন্দির নির্মাণে ব্যয় হবে। তিনি বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টেলিফোনের জোরেই এই সহযোগিতা এসেছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মন্দির নির্মাণের জন্য ২০ লাখ টাকা বরাদ্দের চিন্তাভাবনা চলছে।”

সভায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।