পাবনা, ২৬ অক্টোবর: পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়ী এলাকায় ট্রাক উল্টে ভ্যানচাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা–পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তাসনিয়া ও তোহা এবং ভ্যানচালক আকরাম। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেন (১৭), যাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান পুষ্পপাড়া থেকে জালালপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বাঁশবোঝাই একটি ট্রাক আরেকটি গাড়িকে বাঁচাতে হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালকের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”