ঢাকা, ২৬ অক্টোবর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরে সপরিবারে সৌদি আরব গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন।

রবিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর। তিনি জানান, ওমরাহ শেষে তারেক রহমান লন্ডনে ফিরে যাবেন। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তার।

ফজলে এলাহী আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিরাপত্তা ব্যবস্থা নতুনভাবে সাজাবে এবং সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবে।

তিনি জানান, দেশে ফেরার পর তারেক রহমান গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন। বাড়িটি ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিল।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান এবং তখন থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন।