ঢাকা, ২৬ অক্টোবর: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে ও উদ্বাস্তুদের সরিয়ে দেওয়ার উদ্যোগের সমালোচনা করে ডাকসু ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, “শুধু শিক্ষার্থীরাই যদি নাগরিক মর্যাদা পায়, তাহলে বাকিদের অধিকার কোথায়? এই ধরনের জমিদারি মানসিকতাই তো ফ্যাসিবাদ।”

রোববার (২৬ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ক্যাম্পাস থেকে ভবঘুরে, উদ্বাস্তু সরানোর জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করা উচিত।”

তিনি আরও লেখেন, “রাস্তাঘাটে মানুষকে মারধর করে তো লাভ নাই, জীবন-জীবিকার প্রয়োজনে তারা মারধরে অভ্যস্ত।”

উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবেও পরিচিত। তার পোস্টে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগের নৈতিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলা হয়।