রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে ভারী ‘বিয়ারিং প্যাড’ খুলে পড়ে আবুল কালাম (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে। ঘটনাটি ঘটে রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে। দুর্ঘটনার পরপরই মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যদিও পরে তা স্বাভাবিক হয়।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর একই ধরনের একটি বিয়ারিং প্যাড খসে পড়ায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল। সেবার প্রাণহানি না ঘটলেও পাঁচ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় প্রকল্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রকৌশলীরা জানান, মেট্রোরেলসহ সেতু ও উড়ালসড়কে ব্যবহৃত বিয়ারিং প্যাড মূলত রাবার ও স্টিলের স্তর দিয়ে তৈরি। প্রতিটি প্যাডের ওজন ১৪০ থেকে ১৫০ কেজির মধ্যে হয়ে থাকে। এগুলো পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়, যাতে কম্পন শোষণ হয় এবং কাঠামো দীর্ঘস্থায়ী থাকে। বিশেষজ্ঞদের মতে, এসব প্যাড ছাড়া ট্রেন চললে উড়ালপথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার ঝুঁকি থাকে।

সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী কামরুল হাসান বলেন, “কোনো সেতুর পিয়ার ও গার্ডারের মধ্যে স্থিতিস্থাপকতা সৃষ্টির জন্য রাবার প্যাড অপরিহার্য। বাংলাদেশে যেমন এগুলো তৈরি হয়, তেমনি বিদেশ থেকেও আমদানি করা হয়। একেকটির ওজন ৫০ থেকে ২০০ কেজি পর্যন্ত হতে পারে। কার্যকারিতা যাচাইয়ের পর বুয়েট এসব প্যাড ব্যবহারের অনুমোদন দেয়।”

ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কারণ অনুসন্ধান ও প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।