চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে কানাডার টরন্টোতে দেখা গেছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ কারা অধিদপ্তর।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, মোহাম্মদ সোহায়েল বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “কমান্ডার সোহায়েল সংক্রান্ত একটি প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা সত্য নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এসব পোস্টের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।”
কারা অধিদপ্তর জনগণকে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে।
এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—এক সামরিক কর্মকর্তা টরন্টোর স্কারবোরো এলাকায় রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে দেখেছেন।
পুলিশ গত বছরের ২০ আগস্ট বনানী এলাকা থেকে মোহাম্মদ সোহায়েলকে আটক করে। তার আগে ৭ আগস্ট তাকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নৌবাহিনীর ট্রেইনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়।
২০২৩ সালের ১২ এপ্রিল তিনি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।
মোহাম্মদ সোহায়েল ২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।



মন্তব্য করুন