ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম ও জোবায়েদ হোসেনের মৃত্যুতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা বলি না যে শতভাগ নেতাকর্মী জুবায়েদ ও সাম্যের মতো নৈতিক চরিত্রের। কিছু বিপথগামী আছে, তবে আমরা সেটা স্বীকার করেই রাজনীতি করি।”
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাকিব বলেন, “আমরা সমাজে অবদান রাখা মানুষদের দ্রুত ভুলে যাই। কিন্তু দোয়া মাহফিলের এই সংস্কৃতি ধরে রাখতে হবে। নৈতিকতার পথে থাকতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।”
তিনি আরও বলেন, “জুবায়েদ হত্যার দিন স্থানীয়রা দেখেছে, শিক্ষার্থীরা অন্যায়ের প্রতিবাদে দাঁড়িয়েছে। তবে প্রতিবাদ যেন স্থানীয়দের ক্ষতির কারণ না হয়, তা নিশ্চিত করতে হবে।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। এরপর সাম্য ও জুবায়েদের মতো নেতাকর্মীদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পারভেজ হত্যার পর প্রশাসনের গড়িমসি ছিল চোখে পড়ার মতো।”
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “জুবায়েদ ও হাসিবুরের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। কবিতার একটি লাইন মনে পড়ে—‘এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।’ শিক্ষকসমাজ শিক্ষার্থীদের দুঃখ-কষ্ট ভাগ করে নেয়, কিন্তু মৃত্যু আমাদের অসহায় করে তোলে।”
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “হাসিব স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে। তার লক্ষ্য পূরণে আমাদের এগিয়ে যেতে হবে। জুবায়েদের মৃত্যুর সঠিক বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।”
তিনি জানান, “দ্রুত বিচার ট্রাইবুনালে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় থেকে একজন স্বনামধন্য আইনজীবী নিয়োগের ফাইল তৈরি হয়েছে। আমরা নিয়মতান্ত্রিক সব উপায়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে চেষ্টা করব।”
অনুষ্ঠানে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এবং জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
হাসিবুল ইসলাম ও জোবায়েদ হোসেনের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
—

মন্তব্য করুন