ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ নীরবতার পর মুখ খুললেন তার জনপ্রিয় সহ-অভিনেত্রী শাবনূর। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, সালমান শাহর মৃত্যুকে ঘিরে তার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
শাবনূর লিখেছেন, “২৯ বছর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে নতুন করে হত্যা মামলা দায়ের হয়েছে। বিদেশে অবস্থানকালীন আমি সংবাদমাধ্যমের খবরে বিষয়টি জেনেছি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে আমার নাম জড়িয়ে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছেন। আমি এসব গুজবের তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, সালমান শাহ ছিলেন তার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছেন তারা। শাবনূরের ভাষায়, “সালমান ছিলেন অসাধারণ প্রতিভাবান অভিনেতা। তার সঙ্গে কাজ করে আমার ক্যারিয়ার বিকশিত হয়েছে।”
অভিনেত্রী জানান, সালমান শাহর অকাল মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে আঘাত করেছিল। তাদের জুটির সাফল্য অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল, আর সেই কারণেই উদ্দেশ্যমূলকভাবে নানা গুজব ছড়ানো হয়েছিল। তিনি স্পষ্ট করে বলেন, “সালমান শাহ কীভাবে মারা গেছেন, তা আমি জানি না। তবে আমি চাই, সঠিক তদন্ত হোক এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।”
স্ট্যাটাসের শেষাংশে শাবনূর সালমান শাহর মা নীলা চৌধুরীর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। প্রথমে আত্মহত্যা হিসেবে ধরা হলেও পরিবার দাবি করে, তাকে হত্যা করা হয়েছে। সম্প্রতি নতুন করে দায়ের হওয়া মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি ও খলনায়ক ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।



মন্তব্য করুন