চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষে ছাত্রদল কর্মী সাজ্জাদ হোসেন (২৬) নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন ব্রিজ এলাকার টেম্পু স্ট্যান্ড ও সরকারি জমি দখল নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। সংঘর্ষের সূত্রপাত হয় মেয়র শাহাদাত হোসেনের ছবিসংবলিত একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে।
এক পক্ষ মেয়রের অনুসারী হিসেবে পরিচিত, অন্য পক্ষ বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী। মঙ্গলবার গভীর রাতে ব্যানার সরাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
চমেক হাসপাতালে আহতদের নিয়ে আসা ছাত্রদল নেতা পরিচয়ধারী জিএম সালাউদ্দিন আসাদ বলেন, “যুবলীগের সন্ত্রাসীরা যুবদলের পরিচয় দিয়ে অপকর্ম করছে। ব্যানার খুলতে গেলে আমাদের ছেলেদের তুলে নিয়ে মারধর করা হয়। পরে ভবনের ছাদ থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়।”
দল থেকে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল বাদশা বলেন, “তারা বিএনপির কেউ নয়, আগে যুবলীগ করত। অস্ত্র কোথা থেকে পেল, তা তদন্ত হওয়া উচিত।”
নিহত সাজ্জাদের বাবা মো. আলম বলেন, “আমার ছেলেকে বন্ধুরা ফোন করে ডেকে নিয়েছিল। আমি চাই, যারা তাকে হত্যা করেছে, তাদের বিচার হোক।”
স্থানীয়রা জানান, যুবদলের বহিষ্কৃত নেতা বাদশা ও নেতা হুমায়ুন-বোরহানের অনুসারী অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে একই এলাকায় চলন্ত গাড়িতে গুলি করে দুইজনকে হত্যা করা হয়েছিল, সেই ঘটনায়ও একই নাম উঠে আসে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, সাজ্জাদ হোসেন বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, “দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও গুলি বিনিময় হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”



মন্তব্য করুন