আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচনের সময় সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবে আনসার বাহিনী। প্রতিটি কেন্দ্রে ১৩ জন সদস্য নিয়োজিত থাকবে।”

এবারই প্রথমবারের মতো প্রতিটি প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার সদস্য সরাসরি দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে আনসার ব্যাটালিয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্রের অধিকাংশ উদ্ধার হবে বলে আমরা আশাবাদী। ইতোমধ্যে নিয়মিতভাবে অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে এবং তা অব্যাহত থাকবে।”