আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেওয়া হাফেজ সাইফুর রহমান ত্বকি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ত্বকি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর দ্রুত শারীরিক অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মাত্র ১৭ বছর বয়সে ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি। এরপর কুয়েত ও বাহরাইনেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হন।
দেশে-বিদেশে অসংখ্য কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি অর্জন করেন অসামান্য সাফল্য। তার উস্তাদ ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী ত্বকীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে কুমিল্লার মুরাদনগরের নিজ গ্রাম ডালপায় তাকে দাফন করা হবে।
২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন ত্বকি। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। ছেলের সাফল্যে গর্বিত এ বাবা আজ শোকে ভেঙে পড়েছেন।



মন্তব্য করুন