৪৪তম বিসিএসের ফলাফল নিয়ে দীর্ঘদিনের ‘রিপিট ক্যাডার’ জটিলতা অবশেষে নিরসনের পথে। একই ক্যাডারে পুনরায় নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কারণে ঝুলে থাকা সংশোধিত ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সরকার ইতোমধ্যে পিএসসির প্রস্তাব অনুযায়ী ২০১৪ সালের বিসিএস নিয়োগ বিধিমালার ১৭ নম্বর ধারা সংশোধন করে গেজেট প্রকাশ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে এই গেজেট জারি হওয়ার পর পিএসসি সংশোধিত ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান জানান, “গেজেট জারি হয়েছে বলে জেনেছি। পিএসসি আনুষ্ঠানিকভাবে গেজেট হাতে পাওয়ার পর সংশোধিত ফল প্রকাশের কার্যক্রম শুরু হবে।”

সংশোধিত বিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থী যদি পূর্বে একই ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন এবং পুনরায় সেই পদে সুপারিশে অনাগ্রহ প্রকাশ করেন, তাহলে পিএসসি তাকে বাদ দিতে পারবে। ওই শূন্য পদে মেধাক্রম অনুযায়ী নতুন প্রার্থীকে সুপারিশ করা যাবে। তবে এতে পূর্বঘোষিত ফলাফলে অন্য কারও সুপারিশে কোনো পরিবর্তন আনা যাবে না।

২০২২ সালের ২৭ মে অনুষ্ঠিত ৪৪তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১৫,৭০৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১,৭৩২ জন। এরপর ২০২৫ সালের ৩০ জুন পিএসসি ১,৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে।

তবে ফল বিশ্লেষণে দেখা যায়, সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রায় ৪০০ জন ইতোমধ্যে আগের বিসিএসের মাধ্যমে একই ক্যাডারে নিয়োগ পেয়েছেন—যাদের বলা হচ্ছে ‘রিপিট ক্যাডার’। এতে বহু পদ শূন্য থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

এই জটিলতা নিরসনে পিএসসি বিধি সংশোধন করে রিপিট ক্যাডারদের তথ্য যাচাই শেষে নতুন করে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়।