সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ছবিটি হাজার হাজার বার শেয়ার হওয়ায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
তবে ফ্যাক্টচেক সংস্থা ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে নিশ্চিত হয়েছে, ছবিটি শেখ হাসিনার নয় বরং ভারতের এক বৃদ্ধ নারীর। প্রযুক্তির অপব্যবহার ও উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতির মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেওয়া হয়।
রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ছবিটি ২০২৫ সালের ৮ মার্চ ফার্স্টপোস্টে প্রকাশিত এক প্রতিবেদনের অংশ, যেখানে ৮২ বছর বয়সী ভারতীয় নারী রাজ পাসরিচাকে দিল্লি বিমানবন্দরে হুইলচেয়ার না দিয়ে হাঁটতে বাধ্য করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
এই ছবির মুখে শেখ হাসিনার ছবি যুক্ত করে একটি ফটোকার্ড বানানো হয়, যেখানে দাবি করা হয়—আওয়ামী লীগ নিষিদ্ধের খবর শুনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
ফ্যাক্টওয়াচ জানায়, ছবিটি বিকৃত এবং এর সঙ্গে শেখ হাসিনার কোনো সম্পর্ক নেই। মূলধারার কোনো সংবাদমাধ্যমেও শেখ হাসিনার মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা এই ঘটনাকে ‘ডিজিটাল গুজব’ হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল কিংবা ক্লিক বাড়ানোর জন্য এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সাইবার অপরাধের অংশ।
সরকার ইতোমধ্যে জানিয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণ নাগরিকদের যাচাই ছাড়া কোনো ছবি বা তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।



মন্তব্য করুন