বুধবার, ২৯ অক্টোবর ২০২৫—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে সরকারের প্রতি তিন দফা দাবি উত্থাপন করেছে। ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে ঐকমত্য কমিশনের সুপারিশকৃত প্রথম খসড়া (প্রস্তাব-১) গ্রহণ করতে হবে। পাশাপাশি সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয়ন ও জনসমক্ষে উন্মুক্ত করার উদ্যোগ নিতে হবে। এনসিপি বলছে, সরকার যদি আইনি ভিত্তিসম্পন্ন আদেশের খসড়া গ্রহণ করে, তবে সনদ স্বাক্ষরের পথে অগ্রগতি সম্ভব।

লিখিত বক্তব্যে দলটি জানায়, “জুলাই সনদ কেবল রাজনৈতিক সমঝোতার দলিল নয়; এর আইনি ভিত্তি অপরিহার্য। এনসিপি বরাবরই বলেছে, বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হবে।”

দলটির নেতারা দাবি করেন, এনসিপির অনড় অবস্থানের ফলেই জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। তারা কমিশনের প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং বলেন, “সংবিধানবহির্ভূত সংস্কারের জন্য কমিশন পৃথক প্রজ্ঞাপন ও অধ্যাদেশের খসড়া দিয়েছে, যা অন্তর্বর্তী সরকারের দ্রুত বাস্তবায়ন করা উচিত।”

তবে ৪৮টি সংস্কার প্রস্তাব সরাসরি সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত। এসব বিষয়ে কমিশন দুটি পৃথক খসড়া দিয়েছে। এনসিপি মনে করে, প্রথম খসড়ার ৮(ঙ) ধারায় সংবিধান সংস্কার পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করলে বিলটি আইন হিসেবে কার্যকর হবে—এটি গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ।

দলটি সতর্ক করে বলেছে, দ্বিতীয় খসড়ায় (প্রস্তাব-২) স্পষ্টতা না থাকায় পুরো সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তাই সরকারকে প্রস্তাব-১ গ্রহণ করতে হবে এবং এর ভাষাগত অস্পষ্টতা দূর করতে হবে। উদাহরণস্বরূপ, ৮(ক) ধারায় “করিতে পারিবে” নয়, “করিবে” শব্দ থাকা উচিত। ৮(ঘ) ধারায় “বিবেচনা করিবে” শব্দটি দ্ব্যর্থতা সৃষ্টি করে, যা সংশোধন প্রয়োজন।

তৃতীয় দাবিতে বলা হয়, গণভোটে প্রদত্ত সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয়ন করে জনগণের কাছে উন্মুক্ত করতে হবে।