আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে তার দায়ভার প্রধান উপদেষ্টা ড. ইউনূসকেই নিতে হবে—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আদর্শ প্রকাশনীর বই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ড. ইউনূস জনগণের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই পরবর্তী সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে। এই রূপরেখা থেকে সরে গেলে, তার দায়ভার বর্তাবে ড. ইউনূসের সরকারের ওপর।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “এত বড় রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও আমরা জনগণের কল্যাণে তা কাজে লাগাতে পারছি না। বরং দিন দিন বিভক্তি বাড়ছে। এই বিভক্তির উৎস কোথায়, তা অনুধাবন করা জরুরি। অথচ এখনই ঐক্যের সময়।”
তিনি দাবি করেন, বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে ছিল এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থেকেছে। “মুক্তিযুদ্ধ-পরবর্তী একদলীয় শাসনের পরিবর্তন এনেছিল বিএনপি। অথচ আমাদের সংস্কারবিরোধী হিসেবে প্রচার করা হয়েছে—যা সত্য নয়,” বলেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “সংস্কার প্রক্রিয়ার যেসব বিষয়ে আমরা একমত হইনি, সেগুলো নিয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম। ঐকমত্য কমিশন সেগুলো লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দিলেও, গতকাল প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া খসড়ায় সেগুলোর কোনো উল্লেখ নেই। এটি রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে প্রতারণা।”
তিনি আরও বলেন, “সমস্ত সংকটের মূলেই রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনবে। আমরা ৫ আগস্টের পর নির্বাচন চেয়েছিলাম এই কারণেই। কেউ কেউ বলেছে, বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায়। কিন্তু বাস্তবতা হলো—নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তির উত্থান বাড়বে।”
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই দেশের সংকট সমাধানে ভূমিকা রাখবে। ব্যত্যয় ঘটলে, তার দায় আপনাকেই নিতে হবে।”
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ‘চর্চা ডটকম’-এর সম্পাদক সোহরাব হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন