জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি গভীর হতাশ—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “গত ১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষর হয়েছে, তাতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশগুলো অনুপস্থিত। বলা হয়েছে ৪৮টি দফার ওপর গণভোট হবে—কিন্তু এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।”
সালাহউদ্দিন প্রশ্ন তোলেন, “যদি ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়নই লক্ষ্য হয়, তাহলে এতদিন ধরে এত আলোচনা ও পরিশ্রমের অর্থ কী? যে দলিল স্বাক্ষর হয়েছে, তা আমাদের নয়—বরং কমিশন ও কয়েকটি দলের প্রস্তাব।”
তিনি অভিযোগ করেন, “কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা। কিন্তু তাদের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। তারা কী অর্জন করতে চায়, তা আমাদের বোধগম্য নয়।”
আরপিও ও জোটের প্রতীক সংক্রান্ত বিষয়ে সরকারের আচরণকে পক্ষপাতমূলক আখ্যা দিয়ে তিনি বলেন, “জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো অতীতে নিজস্ব প্রতীকে বা জোটের প্রতীকে নির্বাচন করার স্বাধীনতা পেত। কিন্তু হঠাৎ করে অগণতান্ত্রিকভাবে বলা হলো—জোটবদ্ধ হলেও নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে। আরও বিস্ময়কর, একটি দল এই সিদ্ধান্তকে সমর্থন করছে।”
তিনি বলেন, “আমরা আশা করি বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে এবং নিরপেক্ষ আচরণ করবে। কিন্তু বাস্তবতা বলছে, সরকারের বিভিন্ন পদক্ষেপ আমাদের হতাশ করেছে।”



মন্তব্য করুন