ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম জানান, “নির্বাচনের সার্বিক প্রস্তুতি ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। পোস্টাল ভোটের জন্য একটি অ্যাপ চালু করবে নির্বাচন কমিশন। নির্বাচনের আগের ও পরের ৭২ ঘণ্টা কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়েও আলোচনা হয়েছে।”
তিনি আরও জানান, “নির্বাচনী কর্মকর্তা নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব মোকাবিলায় দুটি কমিটি কাজ করবে এবং ডিজইনফর্মেশন প্রতিরোধে আলাদা কমিটি থাকবে। ফেসবুকের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হবে।”
নির্বাচন নিরাপত্তা বিষয়ে প্রেস সচিব বলেন, “সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ৯২ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ৯০ হাজার সেনা এবং বাকিরা নৌবাহিনীর সদস্য। আনসার সদস্যদের উপস্থিতি সবচেয়ে বেশি থাকবে। পুলিশের কাছে থাকবে বডি ক্যামেরা।”
তিনি আরও জানান, “নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা রুখে দিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার নির্বাচন পরিচালনায় রাখা হবে না।”
সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও বলেন, “ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কেউ অপকর্ম করে পার পাবে না—এমন নীতিতে কাজ চলছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে।”



মন্তব্য করুন