ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে গঠিত সরকারের আমলে তিনি দেশে ফিরবেন না। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মুখ খুললেন তিনি, জানালেন—দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকলেও এখনই তার পরিকল্পনা নেই।

রয়টার্স, দ্য ইন্ডিপেন্ডেন্ট ও এএফপি-কে দেওয়া পৃথক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু রাজনৈতিক অন্যায় নয়, এটি দেশের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করে দেবে।” তার ভাষায়, “কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলে তা কোনোভাবেই বৈধ নির্বাচন হতে পারে না।”

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন ড. মুহাম্মদ ইউনূস, যাদের অধীনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং দলটির সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি কোনো গোপন সমঝোতায় জড়িত নন, বরং আশা করছেন “সাধারণ বিবেকের জাগরণ ঘটবে” এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। দলের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “এটা আমার বা আমার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশের জন্য যে ভবিষ্যৎ আমরা চাই, তার জন্য সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে।”

ছাত্র আন্দোলনে প্রাণহানির ঘটনায় ক্ষমা চাওয়ার প্রশ্নে তিনি বলেন, “আমি প্রতিটি প্রাণহানিতে শোকাহত, তবে আমি কোনো ব্যক্তিগত হত্যার আদেশ দিইনি।” তার দাবি, বেশিরভাগ সহিংসতা ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনীর মাঠপর্যায়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে এবং এতে তার ব্যক্তিগত দায় নেই।

জাতিসংঘের প্রতিবেদনে উল্লিখিত ১,৪০০ জন নিহত হওয়ার তথ্য নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। তার ভাষায়, “এই সংখ্যা অতিরঞ্জিত। বরং আমরা প্রাণহানি কমাতে ব্যবস্থা নিয়েছি।”

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় বিএনপিকে আগামী নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। দেশে বর্তমানে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটির বেশি। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা বলেন, “ভোটারদের বড় অংশকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন গণতন্ত্রবিরোধী ও আত্মঘাতী পদক্ষেপ হবে।”

নিজের রাজনৈতিক উত্তরাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “আমি চাই মানুষ আমাকে স্মরণ করুক সেই নেতা হিসেবে, যিনি সামরিক শাসনের পর দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছিলেন। কিন্তু এখন সেই অর্জনগুলো ঝুঁকির মুখে।”