ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫ — নির্বাচনপূর্ব গণভোটের প্রস্তাবকে ‘অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনদিনও বিএনপি গ্রহণ করবে না।

বৃহস্পতিবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “নির্বাচনের মতো বিশাল আয়োজনের আগে গণভোট আয়োজন সময়, অর্থ ও বাস্তবতার দিক থেকে অগ্রহণযোগ্য।”

ঐকমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গে ফখরুল অভিযোগ করেন, “জুলাই সনদে থাকা রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত ও ‘নোট অব ডিসেন্ট’ কমিশনের প্রতিবেদনে উপেক্ষিত হয়েছে। ফলে কমিশনের প্রস্তাব একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা।”

তিনি আরও বলেন, “দীর্ঘ এক বছর ধরে সংস্কার ও ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা যদি এমনভাবে উপেক্ষিত হয়, তাহলে তা অর্থহীন, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণার শামিল।”

জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গে ফখরুল বলেন, “এটি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে গুরুত্ব দেয়নি।”

সংবিধান সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ২৭০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন না হলে গণভোটে অনুমোদিত বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে—এ ধরনের বিধান সম্পূর্ণ অযৌক্তিক, হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি যুক্ত করেন, “সংসদে অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তির ধারণা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী।”