২০২৫ সালের অষ্টম শ্রেণির মাদ্রাসা বৃত্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা নির্ধারিত প্রক্রিয়ায় ফরম পূরণ করতে পারবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসায় অধ্যয়নরত অষ্টম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিটি পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি বাবদ ৪০০ টাকা অনলাইনে বোর্ডের অনুকূলে জমা দিতে হবে এবং কেন্দ্র ফি বাবদ ২০০ টাকা সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে। পরবর্তীতে কেন্দ্র ফি সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের কাছে জমা দেওয়ার দায়িত্ব থাকবে অধ্যক্ষ বা সুপারিনটেনডেন্টের ওপর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফরম পূরণের কাজ সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে। এজন্য বোর্ডের ওয়েবসাইটের (www.bmeb.gov.bd) ‘অনলাইন সেবা–২’ প্যানেলের eSIF বা e-FF অপশনে গিয়ে ‘JDC/দাখিল বৃত্তি e-FF ২০২৫’ নির্বাচন করতে হবে। সংশ্লিষ্ট মাদ্রাসার ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে পরীক্ষার্থীদের নাম নির্বাচন করতে হবে।
২ নভেম্বর থেকে অনলাইনে সম্ভাব্য পরীক্ষার্থী তালিকা (Probable List) প্রদর্শিত হবে। তালিকা যাচাই শেষে হার্ডকপিতে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। এরপর অনলাইনে ফরম পূরণ করে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ‘ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট’ প্রিন্ট করার সুযোগ সক্রিয় হবে। ওই তালিকায় পরীক্ষার্থীদের স্বাক্ষর নেওয়ার পাশাপাশি প্রতিটি পাতায় মাদ্রাসা প্রধানের স্বাক্ষর নিশ্চিত করতে হবে।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারিনটেনডেন্টদের নির্ধারিত সময়সীমা মেনে ফরম পূরণ ও ফি জমার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
—

মন্তব্য করুন