চট্টগ্রাম থেকে ছয় বছর আগে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা মো. আবদুল আহাদ (৪৬)-এর লাশ ফেনীতে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকালে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রথমে ধারণা করা হয়েছিল মৃত ব্যক্তি স্থানীয় কোনো দিনমজুর। তবে পকেটে পাওয়া একটি বেসরকারি ব্যাংকের হিসাব নম্বর থেকে তার পরিচয় নিশ্চিত হয়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তিনি চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা আবদুল আহাদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দাউদপুর গ্রামের ইমানি মিয়ার ছেলে আহাদ কর্মজীবনের শুরুতে কলেজে প্রভাষক ছিলেন। পরে কাস্টমস বিভাগে যোগ দিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সর্বশেষ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালন করেন। সেখান থেকেই ২০১৯ সালের ৭ মে তিনি নিখোঁজ হন।
নিহতের ছোট বোন নাঈমা নাসরিন জানান, “ভাইকে অপহরণের খবর আমরা সেদিন ভোরে ফোনে পাই। মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দেওয়ার পরও ভাই আর ফেরেননি। আজ তার লাশ উদ্ধারের খবর পেলাম। আমরা ঘটনার পূর্ণ তদন্ত ও বিচার চাই।”
পুলিশ বলছে, মরদেহে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি।
নিহতের ভাগনে মোস্তাফিজুর রহমান বলেন, “অপহরণের পর আমরা বিভিন্ন দফতরে গিয়েছিলাম, সংবাদ সম্মেলনও করেছি। কিন্তু কোনো খোঁজ পাইনি। এখন লাশ পাওয়ার পর আমরা দোষীদের শাস্তি চাই।”
ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, পরিবারের দেওয়া অপহরণের তথ্য যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন