কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে ৬৮ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় শাড়ি ও শাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোররাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) শুক্রবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তের প্রায় আট কিলোমিটার ভেতরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত শাড়ি ও শালের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৩৮ হাজার টাকা। উদ্ধারকৃত পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন