২০২৫ সালের ২১ জুলাই রাজধানীর মিরপুরে যৌথবাহিনীর হাতে আটক হন যুবদল নেতা আসিফ শিকদারসহ তিনজন। তাদের কাছ থেকে ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতদের প্রথমে সায়েন্স ল্যাবরেটরি সেনা ক্যাম্পে এবং পরে শাহ আলী থানায় নেওয়া হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনা বিচ্ছিন্ন নয়। মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে অন্তত ৪০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে ১৯ জনকে গুলি করে, ১৪ জনকে নির্যাতন করে এবং ৭ জনকে হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাবেক সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিকভাবে সমালোচিত ছিল। সেই সরকারের পতনের পর অন্তর্বর্তী প্রশাসনের অনেক সদস্য মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কিন্তু ক্ষমতা গ্রহণের পর তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারেননি, এমনটাই বলছেন বিশ্লেষকরা।
মানবাধিকারকর্মীদের মতে, সরকারের নীতিগত দুর্বলতা এবং নিরাপত্তা বাহিনীর ওপর জবাবদিহির অভাব এই ধরণের ঘটনার পুনরাবৃত্তির মূল কারণ। তাদের ভাষায়, “আগের সরকার প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করত, আর বর্তমান সরকার দুর্বলতার কারণে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না।”
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য করুন