বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা সাকিব আল হাসানকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “কথা সত্য। আগামী ১০০ বছরেও এই রকম খুনী-পূজারী, চোর-চাট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না”।

এই মন্তব্যের সূত্রপাত জনপ্রিয় গায়ক আসিফ আকবরের এক বক্তব্য থেকে। গত ৬ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমে আসিফ বলেন, “সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। ব্যক্তিগত বিষয় আদালত ও সমাজের বিষয়, কিন্তু একজন খেলোয়াড় হিসেবে তার তুলনা নেই।”

সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর মতো তিনিও দেশ ছাড়েন। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত এই ক্রিকেটারের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

প্রেস সচিবের মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন একজন জনপ্রিয় খেলোয়াড়কে নিয়ে এমন ভাষা ব্যবহার কতটা গ্রহণযোগ্য।

মানবাধিকার বিশ্লেষকরা বলছেন, “একজন রাষ্ট্রীয় কর্মকর্তা যখন প্রকাশ্যে এমন ভাষা ব্যবহার করেন, তা শুধু ব্যক্তিকে নয়, রাষ্ট্রীয় শিষ্টাচারকেও প্রশ্নবিদ্ধ করে।”

এদিকে, সাকিব আল হাসান এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

Facebook Comments Box