২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দিরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার (৩১ অক্টোবর) পটুয়াখালী সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “যারা কারাগারে রয়েছেন, তারাও যাতে ভোট দিতে পারেন—সে ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে।”
নির্বাচন কমিশনার জানান, রমজান শুরুর আগেই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে দেশব্যাপী প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। প্রিসাইডিং, পোলিং ও রিটার্নিং অফিসারদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের মাধ্যমে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বিধা ও শঙ্কা দূর করা হচ্ছে।
গণভোট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের আগে না পরে গণভোট হবে—এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত কমিশনের কাছে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, তাও আমাদের জানানো হয়নি।”
তিনি আরও জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচনি প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “বিধিমালায় সময় সময় প্রতীকের তালিকা হালনাগাদ করা হয়। বিভিন্ন মহলের পরামর্শে কিছু পুরোনো প্রতীক বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করা হয়েছে, যার মধ্যে ‘শাপলা কলি’ প্রতীকটিও রয়েছে।”
ভোটার তালিকা ও প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, নভেম্বরের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হবে। ভোটকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। আসন বিন্যাসের কাজ শেষ হয়েছে এবং সাংবাদিক ও নির্বাচনি পর্যবেক্ষকদের নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।
প্রবাসী ভোটারদের নিবন্ধন মধ্য নভেম্বর থেকে শুরু হবে এবং তারা যেন ভোট দিতে পারেন—সে কার্যক্রমও শুরু হচ্ছে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি।



মন্তব্য করুন