মাল্টিপ্লাগের মাধ্যমে একাধিক বৈদ্যুতিক যন্ত্র চালানো এখন ঘরে ঘরে সাধারণ চর্চা হলেও, কিছু ভারী যন্ত্র এতে ব্যবহার করলে অগ্নিকাণ্ড বা যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—ফ্রিজ, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক আয়রন, মাইক্রোওয়েভ ওভেন, কেটলি, রাইস কুকার, হিটার, ব্লোয়ার ও গিজার কখনোই মাল্টিপ্লাগে ব্যবহার করা উচিত নয়। এসব যন্ত্র উচ্চক্ষমতার বিদ্যুৎ টানে, যা মাল্টিপ্লাগের সীমা ছাড়িয়ে যায় এবং অতিরিক্ত তাপ সৃষ্টি করে।

নিরাপদ ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে—মাল্টিপ্লাগে সর্বোচ্চ ২–৩টি স্বল্পক্ষমতার যন্ত্র (যেমন: ফোন চার্জার, টিভি, ল্যাম্প) ব্যবহার করুন। ISO বা BSTI অনুমোদিত মাল্টিপ্লাগ ব্যবহার করুন এবং কখনো একটির সঙ্গে আরেকটি মাল্টিপ্লাগ জোড়া লাগাবেন না।

ভুল ব্যবহারে একটি ছোট মাল্টিপ্লাগও হয়ে উঠতে পারে মৃত্যুফাঁদ। তাই ভারী যন্ত্র সবসময় নির্দিষ্ট ওয়াল সকেটে ব্যবহার করুন এবং নিরাপত্তাকে দিন সর্বোচ্চ অগ্রাধিকার।