আগামী ৪ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুলকোর্ট সভা। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আহ্বানে আয়োজিত এই সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার সময়, স্থান ও কাঠামো সম্পর্কে বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হবে প্রশাসন ভবন–৪ এর দ্বিতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।”
আইনজীবী ও বিচার বিভাগ সংশ্লিষ্ট মহলে এই সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফুলকোর্ট সভা সাধারণত বিচার বিভাগের নীতিগত সিদ্ধান্ত, প্রশাসনিক সমন্বয় এবং বিচারিক কার্যক্রমের মানোন্নয়ন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।



মন্তব্য করুন